CTET Bengali paper 2 Language 1 2024

Ranjan Das
0

 

বিভাগ ১: গদ্যাংশ (Prose Passage)

নির্দেশ: প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (৯১ থেকে ৯৯ নং প্রশ্ন) সর্বাধিক নিকটতম উত্তরটি নির্বাচন করুন।

"তখনও আমার বিবাহ হয় নাই, একা একাই থাকিতাম। হাসপাতালের কাজ হইয়া গেলে, সময় যেন কাটিতে চাহিত না। এই সময় একদিন বনবিভাগের পারিতোষিক-বিতরণ সভায় যোগ দিবার জন্য একটি নিমন্ত্রণ পত্র পাইলাম। সভাটি নাকি প্রতি বছরই হয়। যদিও সভা আমার ডিস্পেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম- প্রায় ক্রোশখানেক দূরে- তবু ঠিক করিলাম যাইব।
সেই সভাতেই প্রথমে আমি বিক্রম হেমব্রোমের সাক্ষাৎ পাই। দৃষ্টি আকর্ষণ করিবার মতো পোশাক এবং চেহারা। মাথায় প্রকাণ্ড পিস্টিক্ হ্যাট্ (হ্যাটা তিনি সর্বদা পরিয়াই থাকেন শুনিলাম), গায়ে ফুল-হাতা শার্ট, পায়ে ভারী বুট জুতা এবং পরিধানে খাকি ফুল-প্যান্ট। সৌম্য শান্ত চেহারা। মনে হইল যেন কালো পাথরের একটি মূর্তি এক ধারে বসানো রহিয়াছে। গোলগাল ভারী মুখ। পরিষ্কার কামানো। চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র। দেখিয়া মনে হইয়াছিল বয়স চল্লিশের কোঠায় হইবে। পরে শুনিয়াছিলাম সত্তরের কাছাকাছি।
বনবিভাগের পারিতোষিক-বিতরণ সভায় কৃতী কর্মচারীদের গভর্নমেন্ট পারিতোষিক বিতরণ করেন। পারিতোষিক বিতরণের পর সেদিন এস. ডি. ও. সাহেব (অবশ্য তিনি সাহেব নন, বাঙালী) নিমন্ত্রিত অভ্যাগতদের দিকে চাহিয়া বলিলেন, "আপনারা কেউ যদি কিছু বলতে চান, বলুন।"
বিক্রম হেমব্রোম উঠিয়া দাঁড়াইলেন এবং পরিষ্কার বাঙলায় বলিলেন, "আমি কিছু বলব।”
"বলুন।”
হেমব্রোম বলিতে লাগিলেন, "এই বনকে আমরা ভালোবাসি। এই বনের আশ্রয়ে আমরা লালিত, এই বনের দাক্ষিণ্যে আমরা পালিত। এই বনের রূপ দেখে আমরা মুগ্ধ, এই বনের গাছপালা, লতাগুল্ম, পশুপক্ষী, ফুল-ফল আমাদের পরম আত্মীয়। এই বনকে আমরা ভালোবাসি, খুবই ভালোবাসি, বনকে কেন্দ্র করেই আমাদের সুখ দুঃখ আশা আনন্দ সব। এই বনই আমাদের জীবন। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম, এই বনকে আমরা রক্ষা করতাম। এই বনকে বিপদ থেকে বাঁচাবার জন্যে প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে পারতাম। বনে যখন আগুন লাগত তখন আমরা দলে দলে ছুটে যেতাম সে আগুন নেভাতে। বনের ছোট গাছকে কেউ যদি আঘাত করত আমরা শাস্তি দিতাম তাকে। অকারণে কোনও গাছ কাটবার নিয়ম ছিল না, অসময়ে বা অকারণে বনের পশুপক্ষী শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম। এখন কিন্তু বন আর আমাদের অধিকারে নেই। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন। বনের সম্বন্ধে আমাদের কথা আর কেউ শোনে না। আইনতঃ এখন আপনারাই বনের রক্ষক। সত্যিই যদি রক্ষক হতেন, সত্যিই যদি এই বনদেবীকে আপনারা সেবা করতেন তাহলে আমাদের দুঃখ হত না। এখন কিন্তু বড় দুঃখ হয়, কারণ আপনারা রক্ষক নন ভক্ষক। সকলেরই লক্ষ্য বনকে লুট করে নিজেদের স্বার্থসিদ্ধি করা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি, কিছু বলতে পারি না, কারণ বললেও আমাদের কথা কেউ শোনে না। আজ আপনি সুযোগ দিলেন তাই আমার মনের কথাটা বলে ফেললাম। আপনারা বনকে ভালোবাসতে শিখুন, তাহলেই আমার মনের দুঃখ আপনারাও অনুভব করতে পারবেন। আর আমার কিছু বলবার নেই, এইবার আমি থামলাম।"

প্রশ্নাবলী (৯১-৯৯):

৯১. বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে?
(১) বনদেবী
(২) বনবিভাগ
(৩) হাসপাতালের কর্মীরা
(৪) হেমব্রোম ও তার সাথীরা

৯২. 'স্বচ্ছ'- এর সন্ধি বিচ্ছেদের সঠিক রূপটি হবে:
(১) স্ব + অচ্ছ
(২) সা + অচ্ছ
(৩) সু + অচ্ছ
(৪) সঃ + অচ্ছ

৯৩. হেমব্রোমের বক্তৃতা অনুযায়ী কোন বিবৃতিটি সত্য নয়?
(১) স্বাধীনতা-পরবর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসে না।
(২) স্বাধীনতা পূর্ববর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসত না।
(৩) বনে আগুন লাগলে বিক্রম ও তার সাথীরা দৌড়ে যেত আগুন নিভোতে।
(৪) বনের পশু-পাখি শিকার বিক্রম ও তার সাথীরা পাপ বলে মনে করত।

৯৪. পারিতোষিক-বিতরণের পর সভায় প্রদত্ত হেমব্রোমের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কী ছিল?
(১) বনে আগুন লাগলে কী করা উচিত তা বোঝানো।
(২) বনের রক্ষক হয়েও যারা ভক্ষক তাদের সাবধান করা।
(৩) বনের রক্ষণাবেক্ষণের নিয়মাবলীর বর্ণনা দেওয়া।
(৪) বনবিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা।

৯৫. আলোচ্য গদ্যাংশটিতে মূলতঃ কোন বিষয়ের বর্ণনায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে?
(১) লেখকের একাকী সময় কাটানোর।
(২) পারিতোষিক-বিতরণ সভার বর্ণনা।
(৩) বিক্রম হেমব্রোমের পাথরের মূর্তির মতো চেহারার।
(৪) বিক্রম হেমব্রোমের বনের প্রতি অকৃত্রিম ভালোবাসার।

৯৬. "সভা আমার ডিস্পেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম" — বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করলে সঠিক রূপটি হবে:
(১) সভা আমার ডিস্পেন্সারি হইতে বেশ একটু দূরে হবে শুনলাম।
(২) সভা আমার ডিস্পেন্সারি থেকে বেশ একটু দূরে হইবে শুনলাম।
(৩) সভা আমার ডিস্পেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনিলাম।
(৪) সভা আমার ডিস্পেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম।

৯৭. 'পারিতোষিক' শব্দটির বিশেষ্য শব্দ কোনটি?
(১) পরিতোষ
(২) পারত্রিক
(৩) পারতন্ত্র্য
(৪) পরিতুষ্ট

৯৮. "এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম”— প্রদত্ত বাক্যটি কোন শ্রেণীর বাক্য?
(১) সরল
(২) জটিল
(৩) যৌগিক
(৪) মিশ্র

৯৯. নিচের কোনটি বিক্রম হেমব্রোমের চেহারার সঠিক বর্ণনা নয়?
(১) তার চেহারার মধ্যে সৌম্য, শান্তভাব লক্ষণীয়।
(২) তার চোখের দৃষ্টির স্বচ্ছতা ও একাগ্রতা আকর্ষণীয়।
(৩) তার চেহারা দেখলে চল্লিশের কাছাকাছি বয়স বলে মনে হয়।
(৪) তার চেহারা দেখলে সত্তরের কাছাকাছি বয়স বলে মনে হয়।



বিভাগ ২: পদ্যাংশ (Poetry Passage)

নির্দেশ: নিম্নে প্রদত্ত কবিতাটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (১০০ থেকে ১০৫ নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

"হে ভারত মাতা তুমি ক্ষমা করো,
হে ধরিত্রী তুমি ক্ষমা করো,
হে বিশ্ব প্রকৃতি তুমি ক্ষমা করো,
যারা নারী রূপের অমর্যাদা করছে
যা শক্তি রূপের অবমাননা করছে
যারা সুন্দর শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবছে,
যে সব দুর্বৃত্তরা শৈশবরূপী-
নারী শরীরকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে,
মস্তিষ্ককে মাদকাসক্ত বিষ দ্বারা
অবশ-অচৈতন্য করে রেখেছে-
তাদেরও কি তোমরা ক্ষমা করবে?
তাদেরও কি সহ্য করবে?
তাদেরও বাঁচতে দেবে?
তবে হে ভারতমাতা, হে ধরিত্রী, হে প্রকৃতি-
আমরা সাধারণ নারীরা,
কন্যা সন্তানের মায়েরা কি শুধুই-
দেখে যাবো?
আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের
স্বীকার হবো?
আমরা পারবোনা, এই নবরূপী পিশাচদের
সঠিক শাস্তি দিতে?
মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের,
বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও
সংহার করো অসুর কূলের।।"

প্রশ্নাবলী (১০০-১০৫):

১০০. 'পাশবিক' এর বিশেষ্য শব্দ কোনটি?
(১) পাশব
(২) পশুবৎ
(৩) পশু
(৪) পশুপতি

১০১. বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত?
(১) পিশাচরূপী দুর্বৃত্তদের যারা প্রকৃতিকে ধ্বংস করেছে।
(২) পিশাচরূপী দুর্বৃত্তদের যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে।
(৩) যারা ভারত মায়ের শক্তিরূপের অপমান করেছে।
(৪) যারা কন্যা সন্তানদের মায়েদের উপর দৈহিক অত্যাচার করেছে।

১০২. কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে?
(১) নির্যাতিতা কন্যার
(২) নির্যাতিতা কন্যার মায়ের
(৩) নির্যাতিতা বিশ্ব প্রকৃতির
(৪) নির্যাতিতা ভারত মায়ের

১০৩. কবিতায় কন্যা সন্তানের মায়েরা কীভাবে প্রতিবাদ জানাতে চান?
(১) মাদকাসক্ত মস্তিষ্ককে অচেতন করে দিতে চান।
(২) দুর্বৃত্তদের ক্ষমা করতে চান।
(৩) পিশাচরূপী দুর্বৃত্তদের পশ্চাত্তাপ করার সুযোগ দিতে চান।
(৪) পিশাচদের সঠিক শাস্তি দিতে চান।

১০৪. নীচের কোন শব্দটি 'সংহার' শব্দের সমার্থক নয়?
(১) বধ
(২) ঐক্য
(৩) বিনাশ
(৪) নিধন

১০৫. কবি এখানে ভারতমাকে কটি রূপ ধারণ করে অসুর সংহারে প্রবৃত্ত হতে বলেছেন?
(১) দুই
(২) তিন
(৩) চার
(৪) পাঁচ


বিভাগ ৩: শিক্ষণ বিজ্ঞান (Pedagogy Questions)

নির্দেশ: নিম্নে প্রদত্ত প্রশ্নগুলির (১০৬ থেকে ১২০ নং প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।

১০৬. শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা এবং অভীক্ষার প্রভাবকে বলা হয়-
(১) রচনাত্মক (Corpus) প্রভাব
(২) পরিচ্ছন্নমূলক (Wash back) প্রভাব
(৩) শ্রেণীকক্ষ (Classroom) প্রভাব
(৪) উৎসাহবর্ধক (Reinforcement) প্রভাব

১০৭. বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষাতত্ত্ব অনুসরণ করা উচিত কারণ এটি-
(১) শিশুর সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয়।
(২) দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজী শিক্ষণে গুরুত্ব প্রদান করে।
(৩) শিশুর ভাষার বিকাশ ঘটায়, সংস্কৃতির নয়।
(৪) প্রথম ভাষার বিকাশে বাঁধা দেয়।

১০৮. স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ এই ধরণের ভাষাতাত্ত্বিক কার্যগুলি কী নামে পরিচিত?
(১) কবিতা (Poetry)
(২) ছন্দবিদ্যা (Prosody)
(৩) ধ্বনিতাত্ত্বিক (Phonetic)
(৪) বাস্তব ধর্মী (Pragmatics)

১০৯. ভারতবর্ষের ভাষাগুলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়?
(১) ভারতীয় সংবিধান অনুসারে, ইংরেজী একটি সহ সরকারি ভাষা।
(২) ভারতবর্ষের সংবিধানের আটটি নীতির তালিকা অনুযায়ী, বাইশটি ভাষা সেখানে আছে।
(৩) সংস্কৃত একটি আধুনিক ভারতীয় ভাষা।
(৪) ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষীর যোগাযোগের জন্য ব্যবহৃত ভাষা হল হিন্দি।

১১০. একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে। এই পদ্ধতিতে ভাষা শিখনকে বলা হয় -
(১) সহযোগী শিখন (Collaborative Learning)
(২) প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা
(৩) ভাষামূলক খেলাধুলা
(৪) নির্দেশনা এবং পরামর্শ

১১১. একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটি কার্য দিলেন। নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত?
(১) আভিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো।
(২) ব্যাকরণিক উপাদানের সঙ্গে পরিচয় করানো।
(৩) ছুটি কাটানোর স্থান সম্পর্কে পাঠটি পড়ানো।
(৪) জটিল চিন্তার বিকাশ।

১১২. শিখনের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষা, মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন, অভ্যাস গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশ গ্রহণ করে।
(১) সক্রিয় কর্মবাদী
(২) আচরণবাদী
(৩) জ্ঞানাত্মকবাদী
(৪) পারস্পরিক ক্রিয়াশীলতা/বা মিথষ্ক্রিয়াবাদী

১১৩. গল্পের সময় এবং স্থানকে বলা হয়-
(১) বিষয়
(২) প্রেক্ষাপট
(৩) কাহিনী
(৪) পরিণাম

১১৪. একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা, সম্পত্তি-বিক্রেতা, জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বললেন যখন অন্য ছাত্রদের তাদেরকে দেখতে এবং তাদের সংলাপ উপভোগ করতে বললেন। এই প্রক্রিয়াটিকে বলা হয়-
(১) চরিত্রাভিনয়
(২) নাটক
(৩) অভিনয় শিক্ষার ক্লাশ
(৪) নির্দেশনা

১১৫. একজন ভাষা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনুকার্ড, ট্রেন টিকিট এই ধরণের বস্তু নিয়ে আসেন। শিক্ষণ কার্যের জন্য তিনি কী করেন?
(১) শিক্ষণকে অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার জন্য তিনি যথার্থ উপাদান ব্যবহার করেন।
(২) তিনি তাঁর ছাত্রদের বিবিধ ভাষা শেখানোর চেষ্টা করছেন।
(৩) তিনি বাস্তবজীবনভিত্তিক পরিস্থিতির মাধ্যমে ছাত্রদের ইংরেজী শিখাতে চান।
(৪) তিনি ছাত্রদের মধ্যে সচেতনতার সৃষ্টি করছেন।

১১৬. শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় নীচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়?
(১) রেকর্ডিং-এর বিরতি প্রদান
(২) বক্তব্য প্রদানের গতি
(৩) বক্তাদের লিঙ্গ
(৪) বক্তাদের সংখ্যা

১১৭. ভারতবর্ষে বহুভাযাতত্ত্ব শিক্ষকদের কী বুঝতে প্ররোচিত করে?
(১) ভাষার সংযোগ সাধন ঘটে, এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয়।
(২) প্রভাবশালী ভাষার সঙ্গে সংখ্যালঘু ভাষাগুলি সমানভাবে একত্রীকরণ করা উচিত।
(৩) বৈচিত্র্যপূর্ণ সমাজে একটি 'ভাষা' নীতি সুসংগঠিত হওয়া উচিত।
(৪) ভাষা, পরিচয় এবং সংস্কৃতির পৃথক অস্তিত্ব রয়েছে।

১১৮. ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য দক্ষতা হিসেবে পরিচিত?
(১) শ্রবণ এবং বাচন
(২) বাচন এবং লিখন
(৩) পঠন এবং লিখন
(৪) শ্রবণ এবং পঠন

১১৯. শ্রবণ কীসের সাথে সংযুক্ত?
(১) ধ্বনিগুলি যেরূপ সেইভাবেই তাদের শোনা এবং অর্থোদ্ধার করা।
(২) বিষয়ের বিচার করা।
(৩) বিষয়টির পূর্ব-লব্ধ জ্ঞানের ব্যবহার।
(৪) ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া।

১২০. A তালিকার ভাষা শিক্ষণ পদ্ধতির সঙ্গে B তালিকাভুক্ত তাদের বোধ সম্পর্কিত অথবা অন্য কোনো সংযুক্ত প্রক্রিয়াগুলি মেলাও:

AB
(a) সংযোগমূলক ভাষা শিক্ষণ(i) সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত ভাষা
(b) প্রত্যক্ষ পদ্ধতি(ii) নীরব পঠন
(c) ব্যাকরণ অনুবাদ(iii) লিখিত সাহিত্যিক পাঠ
(d) পশ্চিমের নূতন পদ্ধতি(iv) ব্যাকরণ উদ্দীপক হিসেবে শেখানো হয়

(১) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
(২) (a)-(iv), (b)-(ii), (c)-(iii), (d)-(i)
(৩) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(৪) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

Answer Key (Q. 91 – 120)

৯১. (২) বনবিভাগ
৯২. (৩) সু + অচ্ছ
৯৩. (২) স্বাধীনতা পূর্ববর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসত না।
৯৪. (২) বনের রক্ষক হয়েও যারা ভক্ষক তাদের সাবধান করা।
৯৫. (৪) বিক্রম হেমব্রোমের বনের প্রতি অকৃত্রিম ভালোবাসার।
৯৬. (৪) সভা আমার ডিস্পেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম।
৯৭. (১) পরিতোষ
৯৮. (২) জটিল
৯৯. (৪) তার চেহারা দেখলে সত্তরের কাছাকাছি বয়স বলে মনে হয়।

১০০. (৩) পশু
১০১. (২) পিশাচরূপী দুর্বৃত্তদের যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে।
১০২. (২) নির্যাতিতা কন্যার মায়ের
১০৩. (৪) পিশাচদের সঠিক শাস্তি দিতে চান।
১০৪. (২) ঐক্য
১০৫. (৪) পাঁচ

১০৬. (২) পরিচ্ছন্নমূলক (Wash back) প্রভাব
১০৭. (১) শিশুর সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয়।
১০৮. (২) ছন্দবিদ্যা (Prosody)
১০৯. (৩) সংস্কৃত একটি আধুনিক ভারতীয় ভাষা।
১১০. (১) সহযোগী শিখন (Collaborative Learning)
১১১. (১) আভিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো।
১১২. (২) আচরণবাদী
১১৩. (২) প্রেক্ষাপট
১১৪. (১) চরিত্রাভিনয়
১১৫. (১) শিক্ষণকে অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার জন্য তিনি যথার্থ উপাদান ব্যবহার করেন।
১১৬. (৩) বক্তাদের লিঙ্গ
১১৭. (১) ভাষার সংযোগ সাধন ঘটে, এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয়।
১১৮. (৪) শ্রবণ এবং পঠন
১১৯. (৪) ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া।
১২০. (১) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!